অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে যাত্রীসহ পুকুরে লরি, নিহত ২

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে পুকুরে পড়েছে লং ভ্যাহিকল (লরি)। এতে সিএনজি অটোরিকশা চালকসহ দুজন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয় আরও এক যাত্রী।

বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে অটোরিকশা চালক হানিফ মিয়া (৩৫) কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার পাঁচকিত্তা গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও যাত্রী লাবিব হোসেন (১৫) একই জেলার দেবীদ্বার উপজেলার দাঁড়িয়াপুর গ্রামের মনির হোসেনের ছেলে।

আহত সজীব হোসেন (২৪) দেবীদ্বার উপজেলার দাঁড়িয়াপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি নিহত লাবিব এর মামাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বৃষ্টির মধ্যে মাধাইয়া থেকে ছেড়ে আসা অটোরিকশাটি নূরীতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী একটি লরি। এতে অটোরিকশাসহ লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। স্থানীয়রা অটোরিকশায় আটকে থাকা চালক ও যাত্রীদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে আহতদের অবস্থার অবনতি হলে তাদেরকে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে নিলে অটোচালক হানিফ ও যাত্রী লাবিবের মৃত্যু হয়।

নিহতদের নিকটাত্মীয়রা বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে হাসপাতালে মৃত্যুর পর তাদের মরদেহ বাড়িতে আনা হয়েছে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ওসি জাকির হোসেন সিকদার জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আমরা আহত তিনজনকে হাসপাতালে পাঠাই। কিন্তু নিহতের কোনো তথ্য আমার কাছে নেই। আমরা খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নিব।