টানা চার দিনের ভারী বর্ষণ এবং পাহাড়ধসের আশঙ্কায় রাঙ্গামাটি পার্বত্য জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবারও (৯ জুলাই) জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে বলে জানিয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কফিল উদ্দিন।
শিক্ষা কার্যক্রম বন্ধের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, চলমান প্রাকৃতিক দুর্যোগ ও অতিবৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। একইসঙ্গে বিভিন্ন স্থানে পাহাড়ধসেরও প্রবল আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে কোমলমতি শিক্ষার্থীদের পক্ষে বিদ্যালয়ে উপস্থিত হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
তিনি আরও জানান, রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় পাহাড়ি দুর্গম পথ, খরস্রোতা ছড়া ও ঝিরি পেরিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হয় শিক্ষার্থীদের। বর্ষণজনিত পরিস্থিতিতে এই পথ পাড়ি দেওয়া তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া দুর্গত এলাকার মানুষের জন্য জেলার বেশ কিছু বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্রও চালু করা হয়েছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই বুধবার শ্রেণি পাঠদান স্থগিত রাখার পাশাপাশি বৃহস্পতিবারও (৯ জুলাই) জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।