টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) রাত ১০টার দিকে ইসলামপুর ইউনিয়নের মখাবিল এলাকায় বাঁধটি ভেঙে যায়। এর ফলে হু হু করে পানি ঢুকে পড়ে মখাবিল, শ্রীপুর ও ভান্ডারীগাঁওসহ আশপাশের গ্রামগুলোতে।
স্থানীয় বাসিন্দা কবির মিয়া জানান, বুধবার রাত ১০টার দিকে হঠাৎ করেই ধলাই নদীর বাঁধটি ভেঙে যায়। ভাঙনের পরিধি প্রায় ১০০ মিটার। এতে ইতোমধ্যে কয়েকটি গ্রাম পানিতে ডুবে গেছে।
ভাঙনের বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। তিনি জানান, বন্যার্তদের সহায়তায় প্রশাসন তাদের পাশে থাকবে।
এদিকে টানা বৃষ্টি ও উজান থেকে আসা ঢলে মৌলভীবাজার জেলার নদনদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে মনু ও ধলাই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর পাশাপাশি কুশিয়ারা ও জুড়ী নদের পানিও দ্রুতগতিতে বাড়ছে, যা সার্বিক বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা তৈরি করেছে।
বাঁধ ভাঙনের কারণ সম্পর্কে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, ‘ধলাই নদীতে ভাঙন দেখা দিয়েছে। বিএসএফের বাধার কারণে মখাবিলের এই অংশটুকুতে পুরোপুরি কাজ করা সম্ভব হয়নি।’ তিনি জানান, প্রতিকূলতার মধ্যেই যতটুকু কাজ করা সম্ভব হয়েছিল, কর্তৃপক্ষ ততটুকুই করেছে।