নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলা ও লুটের শিকার বাক্প্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম মারা গেছেন। গত মঙ্গলবার রাত ১টা ১৫ মিনিটে উন্নত চিকিত্সার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।
নরসিংদী জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ফরিদা গুলশানারা কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের মাধ্যমে ববি বেগমের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে আনা হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ জুলাই গভীর রাতে একদল দুর্বৃত্ত মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের ওপর নির্মম হামলা চালায়। এ সময় তাকে মারধর করে দীর্ঘদিনের কষ্টার্জিত ও সঞ্চিত প্রায় ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিত্সা শেষে তাকে আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়। এরপর কিছুটা সুস্থ থাকলেও মঙ্গলবার রাতে হঠাত্ শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিত্সক উন্নত চিকিত্সার জন্য নরসিংদী সদর হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।
জানা গেছে, প্রায় দুই যুগ আগে এক দুপুরে একটি ট্রেন থেকে মেথিকান্দা রেলস্টেশনে নেমেছিলেন বাক্প্রতিবন্ধী ববি বেগম। এরপর আর কোথাও যাননি। স্টেশনই হয়ে ওঠে তার স্থায়ী আশ্রয়। বিনা বেতনে প্ল্যাটফরম ঝাড়ু দেওয়া, শৌচাগার পরিষ্কারসহ বিভিন্ন পরিচ্ছন্নতার কাজ করেই কাটিয়ে দেন জীবনের দীর্ঘ সময়।
বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়লেও মানবিক বিবেচনায় স্টেশন কর্তৃপক্ষ তাকে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে থাকার ব্যবস্থা করে দেয়। স্টেশন ও আশপাশের মানুষ এবং যাত্রীরা তাকে খাবার ও সামান্য আর্থিক সহায়তা দিতেন। সেই অর্থের বেশির ভাগই তিনি খরচ না করে জমিয়ে রেখেছিলেন। আর সেই সঞ্চিত টাকার লোভেই দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে টাকা লুট করে নেয় বলে স্থানীয়দের ধারণা।