রাউজানে জলাবদ্ধতার পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের রাউজানে অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার পানিতে ডুবে মো. মোস্তাকিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম ডাবুয়া এলাকার আবু তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিম ওই এলাকার বাসিন্দা ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইপ্রবাসী মো. পারভেজের ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম জানান, ঘরের দরজা খোলা পেয়ে পরিবারের অগোচরে মোস্তাকিম বাইরে বের হয়ে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে বাড়ির দক্ষিণ পাশের বিলে জমে থাকা পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা।

পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বিভিন্ন এলাকায় খাল, বিল, ডোবা এবং নিচু স্থানে পানি জমে রয়েছে। এ অবস্থায় শিশুদের একা ঘরের বাইরে যেতে না দেওয়া এবং তাদের সার্বক্ষণিক নজরদারিতে রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।