লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি আগামী এক মাস মাদক ও জুয়া আইনে গ্রেপ্তার হওয়া কোনো আসামির জামিন আবেদন পরিচালনা বা আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এ সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মাদক, জুয়া, যৌতুক, বাল্যবিবাহ ও দুর্নীতি প্রতিরোধে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর ঘোষিত ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমিতির নেতারা বলেন, সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং যুবসমাজকে বিপথগামিতা থেকে ফিরিয়ে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সামাজিক অপরাধ দমনে রাষ্ট্রের যেকোনো ইতিবাচক উদ্যোগে পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কে এম হুমায়ুন রেজা (স্বপন)। এ সময় সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম (রফিক), সমিতির সদস্য এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।