আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন

মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের ১২ জন মেম্বার ও শতাধিক কর্মী সমর্থকসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগদের রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছেন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম মাতুব্বর।

বুধবার (৮ জুলাই) বিকেলে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির পদ থেকে মৌখিকভাবে পদত্যাগের ঘোষণা দেন রেজাউল করিম মাতুব্বর।

একই সময় মৌখিকভাবে অব্যাহতি নেন ইউনিয়ন পরিষদের সদস্য দেলোয়ার হোসেন মুন্সী, সাহেব আলী খাঁ, আব্দুল জলিল মাতুব্বর, গিয়াসউদ্দিন হাওলাদার, আবুল মোল্লা, আব্দুর রশিদ মিনা এবং সংরক্ষিত নারী সদস্য শিরিন আক্তার ও বুড়ি বেগমসহ মোট ১২ জন জনপ্রতিনিধি। তাদের এ সিদ্ধান্তে শতাধিক কর্মী-সমর্থক সমর্থন জানান।

অব্যাহতির ঘোষণা দিয়ে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাতুব্বর তার বক্তব্যে বলেন, ‘আমি জনগণের সেবা দিয়ে তাদের পাশে থাকার জন্য আওয়ামীলীগের রাজনীতি করতাম। বর্তমানে আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জনগণের স্বার্থে দল থেকে পদত্যাগ করলাম।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও অনেকেই।

তিনি আরও বলেন, ‘আমাদের ঠাঁই দেয়ার মতো কেউ নাই। এছাড়া দলের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ দলে থেকে কোনো লাভ নেই। আমি জনগণের প্রতিনিধিত্ব করি, তাদের উন্নয়নের লক্ষ্যে কাজ করি। তারা আমাকে ভালোবেসে দুইবার চেয়ারম্যান নির্বাচিত করেছে। তাই আজ থেকে আওয়ামীলীগের সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি নিলাম।’

ভবিষ্যতে সরকার চাইলে অন্য রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করে জনগণের সেবায় কাজ করতে প্রস্তুত আছেন বলেও জানান তিনি।

রেজাউল করিম মাতুব্বরের ভাষ্য, দলের কার্যক্রম বন্ধ থাকায় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থেকে আর কোনো বাস্তব সুফল নেই। তাই ইউনিয়নের আরও ১২ জন সদস্যকে সঙ্গে নিয়ে তিনি দলীয় পদ ও কার্যক্রম থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন।