৪৭তম বিসিএসের প্রফেশনাল ক্যাডারে কম্বাইন্ড ডিগ্রিধারী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ১৮ জন প্রার্থী সুপারিশ না পাওয়ার কারণ ব্যাখ্যা, সমস্যার সমাধানসহ চার দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৯ জুলাই) আন্দোলনের পঞ্চম দিন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের এম মাহবুবউজ্জামান একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন। পরে ব্যতিক্রমী হিউম্যান ফরমেশনের মাধ্যমে ‘SAVE ASVM’ বার্তা প্রদর্শন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
এ বিষয়ে এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি তোমাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। আমরা বিষয়টি নিয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামীকাল ডিন কাউন্সিলের সভায় আমরা বিষয়গুলো তুলে ধরব।’
তিনি চলমান উদ্যোগের অগ্রগতির কথাও তুলে ধরে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান। তবে আন্দোলনকারীরা তাৎক্ষণিকভাবে সেই আহ্বান প্রত্যাখ্যান করেন।
এর আগে বুধবার (৮ জুলাই) এএসভিএম অনুষদের সেমিনার কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন, অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিদের অংশগ্রহণে প্রায় আড়াই ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, অ্যালামনাই, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিদের সমন্বয়ে দুটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে ক্লাস ও পরীক্ষায় ফেরার আহ্বান জানানো হলেও শিক্ষার্থীরা তাতে সাড়া দেননি।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না। পাশাপাশি আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তারা।