জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুরে রেললাইন অবরোধ

দীর্ঘ ৩০ বছরের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে জামালপুর পৌর শহরের গেটপাড় এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার গেটপাড়-ফকিরপাড়া এলাকার শতাধিক নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশ নেন। অবরোধের কারণে ঢাকাগামী আন্তঃনগর ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনটি আটকা পড়ে। পরে মাগরিবের আজান হলে আন্দোলনকারীরা রেললাইনের ওপরই জামাতে নামাজ আদায় করেন এবং নামাজ শেষে আবারও অবরোধ চালিয়ে যান। এই ঘটনায় ট্রেনের যাত্রীসহ সাধারণ মানুষের চরম ভোগান্তির সৃষ্টি হয়।

পরে রাত ৮ টা পর্যন্ত গেইটপাড় এলাকায় এই আন্দোলন করেন স্থানীয়রা।

সর্বশেষ রাত ৮টা ১৫ মিনিটের দিকে প্রশাসনের আশ্বাসে রেলওয়ে এবং সড়ক থেকে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। এতে স্বাভাবিক হয় ট্রেন এবং যানবাহন চলাচল।

স্থানীয় বাসিন্দারা জানান, গেটপাড় এলাকায় জলাবদ্ধতা এখন স্থায়ী রূপ নিয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাঘাট ও বসতবাড়ি পানিতে তলিয়ে যায়। ফলে শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ তিন দশক ধরে এই সমস্যা চললেও কোনো প্রতিকার মেলেনি।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম বলেন, রেললাইন অবরোধকারীদের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়েছি। তারা অবরোধ তুলে নিয়েছে। এখন ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক।