বন্যা পরিস্থিতি জানাতে পাউবোর ‘কন্ট্রোল রুম’ চালু

মৌসুমি অতি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন জেলায় সৃষ্ট ও সম্ভাব্য আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম চালু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বুধবার পাউবোর নির্বাহী প্রকৌশলী (পুর) সরদার উদয় রায়হান স্বাক্ষরিত এক দপ্তরাদেশে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে একটি দিবা-রাত্র (২৪ ঘণ্টা) কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে তথ্য দেওয়া হয়।

এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার ৭২ গ্রিন রোডের পানি ভবনের (লেভেল: ২, কক্ষ নং: ২১৪) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে এই কন্ট্রোল রুম সার্বক্ষণিক চালু থাকবে। কন্ট্রোল রুমের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীদের কাছে দেশের বন্যা পরিস্থিতি ও পূর্বাভাস সংক্রান্ত তথ্যাদি দেওয়া হবে।

কন্ট্রোল রুমে যোগাযোগের ফোন নম্বরগুলো হলো- ০১৩১৮-২৩৪৯৬২, ০১৩১৮-২৩৪৯৬৩, ০১৩২১-১৩৯৫৪২ এবং ০১৭০৯-৬৫৪৭৯১। ই-মেইল ffwcbwdb@gmail.com এবং ffwc05@yahoo.com