বিরামহীন বৃষ্টিতে চুয়াডাঙ্গায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তলিয়ে গেছে নিচু এলাকা। কিছু কিছু এলাকায় ভেঙে পড়েছে সড়ক। এতে দুর্ভোগে পড়েছে মানুষ। এই পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ ঘণ্টায় প্রায় ১৬৭ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ৩টা ৪০ মিনিট থেকে বৃষ্টি শুরু হয়। পরে শনিবার সকাল ৯টা পর্যন্ত প্রায় ৫ ঘণ্টায় ১৬৭ মিলিমিটার বৃষ্টি ঝড়েছে। এটি চুয়াডাঙ্গায় এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, এই বৃষ্টির কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বসতবাড়ি ও ফসলের মাঠ তলিয়ে গেছে। শুক্রবার রাত ৩টা ৪০ মিনিট থেকে এদিন সকাল ৯টা পর্যন্ত ১৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে জেলার চারটি উপজেলা শহর ও পৌরসভা জলমগ্ন হয়ে রয়েছে। বৃষ্টির পানি নোংরা ড্রেনের সঙ্গে মিশে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। তবে বৃষ্টির কারণে জলাবদ্ধতা নিরসনে জরুরি কাজে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের কোনো তৎপরতা দেখা যায়নি। সড়কগুলোরও একই হাল। সড়কের দুই পাশে বৃষ্টির পানি জমে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে।
স্থানীয়রা জানান, মাঠঘাট বৃষ্টির পানিতে ডুবে টইটম্বুর হয়ে গেছে। কর্মজীবী মানুষ বৃষ্টির কারণে বাড়ি থেকে বের হতে পারেনি। সে কারণে রাস্তাগুলো জনমানুষ শূন্য দেখা গেছে। শহরে রিকশা, ইজিবাইক ও যাত্রীবাহী যানবাহন চলাচল কম লক্ষ্য করা গেছে।
এদিকে বৃষ্টিপাতের কারণে চুয়াডাঙ্গার নিচু পানিতে তলিয়ে ঘড়বাড়ি ও ফসল পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে মানুষ। দামুড়হুদার জয়রামপুরে রাস্তা ভেঙে যাওয়ায় দুথগ্রামের মধ্যে চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে চলাচলে মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। দর্শনায়ও বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
গুলশানপাড়ার বাসিন্দা আসমত আলী বলছিলেন, তার এলাকা থেকে দক্ষিণ হাসপাতাল পাড়া পর্যন্ত রাস্তাটি অনেকটাই নিচু। এসব এলাকায় পানি জমে গেছে। আশেপাশের পাড়া-মহল্লার রাস্তাগুলোও ডুবে আছে পানির নিচে।
কৃষি বিভাগ জানিয়েছে, বৃষ্টিপাতের কারণে গ্রীষ্মকালীন সবজি ও আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই বৃষ্টি পাট ও ফল গাছের উপকার বয়ে আনবে।