ফরিদপুরের ভাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে শোক র্যালি করেছেন। পরে উপজেলা হল রুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় নিক্সন চৌধুরী বলেন, ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে স্বাধীন বাংলাদেশকে কলঙ্কিত করে গোটা জাতিকে শোকার্ত করেছে হায়েনার দল। পরিবারের সদস্যদের হারিয়ে শোকার্ত মনকে শক্তিতে পরিণত করে বর্তমান সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করে যাচ্ছেন। বঙ্গবন্ধু নিজের জীবন দিয়ে স্বাধীন বাংলাদেশ আমাদের উপহার দিয়ে গেছেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: সানজিদের উদ্ভাবিত স্মার্ট গাড়ি
অন্যদিকে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। ভাঙ্গা হাই-ওয়ে থানার অফিসার ইনচার্জ আতাউর রহমানে নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।
ইত্তেফাক/অনি