বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে বেলজিয়ামের কাছে বিতর্কিতভাবে ৩-২ গোলের ব্যবধানে হারে সেনেগাল। সেই হতাশার মধ্যেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সেনেগাল ফুটবলের অন্যতম বড় তারকা সাদিও মানে। এক বিবৃতিতে অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক এই লিভারপুল তারকা। এমনটাই জানিয়েছে সেনেগালিজ সংবাদমাধ্যম কুতিদিয়েন।
দুইবার আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) জয়ী মানে সেনেগালের ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড়। বিদায়বেলায় দেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
বিদায়ী বার্তায় ক্যারিয়ারের কোনো ভুল বা অপূর্ণতার জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে মানে বলেন, ‘জেনে রাখুন, এই পতাকার জন্য আমি সবকিছু উৎসর্গ করেছি। আমি নিজের সর্বোচ্চটা দিয়েছি এবং সবসময় আমাদের দেশের জন্য কঠোরভাবে লড়াই করেছি।’
সেনেগালিজ ফুটবলের সবচেয়ে গৌরবময় সময়ের অন্যতম মুখ ছিলেন মানে। তার নেতৃত্বেই ২০২১ সালে প্রথমবারের মতো আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জেতে সেনেগাল। পরবর্তীতে আরও একটি আফকন জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
সেনেগালের মানুষের অবিচল সমর্থনের কথা স্মরণ করেন তিনি বলেন, ‘আপনাদের অব্যাহত সমর্থনই ছিল আমার সাফল্যের চালিকাশক্তি।’
আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেও ফুটবলের সঙ্গে সম্পর্ক শেষ করছেন না মানে। দেশের ফুটবলের উন্নয়নে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। মানে বলেন, ‘আনন্দের সঙ্গে আমি আমার অভিজ্ঞতা দেশের সেবায় কাজে লাগাতে চাই। সেটা হতে পারে কোনো টেকনিক্যাল স্টাফের অংশ হিসেবে, কোচ হিসেবে সাইডলাইনে থেকে, কিংবা ফুটবল প্রশাসনের দায়িত্বে।’