অনলাইনে শিক্ষার্থীদের ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা জারি তুরস্কে

শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ও ডিজিটাল গোপনীয়তা সুরক্ষায় নতুন নির্দেশনা জারি করেছে তুরস্কের জাতীয় শিক্ষা মন্ত্রণালয়। নতুন এ নির্দেশনা অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ছবি বা ভিডিও ওয়েবসাইট কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতে পারবে না।

এ–সংক্রান্ত পরিপত্র দেশের সব প্রাদেশিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন অনুযায়ী শিক্ষার্থীদের ছবি ও ভিডিও অনলাইনে প্রকাশের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

কর্তৃপক্ষের ভাষ্য, সাইবার বুলিং, পরিচয় চুরি এবং শিশুদের ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইনে শিক্ষার্থীদের ছবি প্রকাশ তাদের বিভিন্ন ধরনের সাইবার অপরাধের ঝুঁকিতে ফেলতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

নতুন নির্দেশনার ফলে প্রচারণা বা বিজ্ঞাপনের উদ্দেশ্যে শিক্ষার্থীদের ছবি ব্যবহারের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিশেষ করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে কঠোরভাবে নিয়ম মেনে চলতে হবে। এমনকি অভিভাবকের সম্মতি থাকলেও শিক্ষার্থীদের ছবি ব্যবহার করতে হবে অত্যন্ত সংযতভাবে এবং তাদের মর্যাদা ও গোপনীয়তা অক্ষুণ্ন রেখে।

নির্দেশনা বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম নিয়মিত পর্যবেক্ষণ করবে জাতীয় শিক্ষা মন্ত্রণালয়। নিয়ম লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এ নির্দেশনা কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: হুররিয়াত ডেইলি নিউজ