জাতীয় সংসদ জাতির আশা আকাঙ্খার বাতিঘর: ডিএফডি চেয়ারম্যান

মেধা ও মননের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা। বিতর্ক প্রতিযোগিতায় অন্য পক্ষের মতামত ও যুক্তিকে যথাযথ মূল্যায়নের মাধ্যমে পাল্টা যুক্তি প্রয়োগ করতে হয়। এতে বিরোধী মতের প্রতি শ্রদ্ধাবোধ বাড়ে। বিগত শাসনামলে আমরা কোন কার্যকর জাতীয় সংসদ পাইনি। অথচ জাতীয় সংসদ হচ্ছে জাতির আশা আকাঙ্খার বাতিঘর। বর্তমান জাতীয় সংসদ একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ হিসেবে ইতিমধ্যে জনগণের কাছে প্রশংসিত হচ্ছে। এই সংসদ মানুষের অধিকার ও আশা-আকাঙ্খা পূরণের লক্ষ্যে আস্থার প্রতিফলন ঘটাতে পারবে বলে আমাদের বিশ্বাস। সরকারি ও বিরোধী দল যুক্তি-পাল্টাযুক্তির মাধ্যমে মানুষের প্রত্যাশার কথাগুলো বলছে। ভোট ও ভাতের অধিকার নিশ্চিতের কথা বলছে। সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতা আলোচনার মঞ্চে কিছু কিছু ক্ষেত্রে ভিন্নমত পোষণ করলেও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করছেন।

শুক্রবার (১০ জুলাই) ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা—২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এসব কথা বলেন। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামিম আরা লুনা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহানাজ পারভীন,  ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যপক ড. আফরোজা বেগম, ক্লাবের সভাপতি ফাতেমা তুজ জোহরা সুরভী প্রমুখ। তিন দিন ব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় কলেজের বিভিন্ন বিভাগের ২৪টি বিতর্ক দল অংশগ্রহণ করছে। আগামী ১২ জুলাই রবিবার প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।