টরন্টোর স্কারবরো সাউথওয়েস্টে পিসির প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত নুরুল্লাহ তরুণ

কানাডার টরন্টোর স্কারবরো সাউথওয়েস্ট আসনে অন্টারিওর ক্ষমতাসীন প্রগ্রেসিভ কনজারভেটিভ (পিসি) পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক ডা. এএসএম নুরুল্লাহ তরুণ।

শুক্রবার (৯ জুলাই) রাতে অনুষ্ঠিত দলীয় মনোনয়ন ভোটে তিনি প্রায় ৭০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন। মনোনয়ন প্রতিযোগিতায় ডা. তরুণের প্রতিদ্বন্দ্বী ছিলেন আয়েশা সরদার ও গাজী সিজান।

এর আগে মনোনয়ন ভোটের মাত্র দুই দিন আগে সম্ভাব্য প্রার্থী মোর্শেদ নিজাম অনাকাঙ্ক্ষিতভাবে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। ফলে চূড়ান্ত লড়াইয়ে অংশ নেন তিনজন প্রার্থী।

সম্প্রতি এ আসনের দীর্ঘদিনের এমপিপি ডলি বেগম প্রাদেশিক আসন ছেড়ে ফেডারেল পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ায় স্কারবরো সাউথওয়েস্টে নতুন প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে আসন্ন উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক গুরুত্বও বেড়েছে।

ডা. এএসএম নুরুল্লাহ তরুণ পিসির প্রার্থী হওয়ায় উপনির্বাচনের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যুক্ত হয়েছে। অন্যদিকে, অন্টারিও লিবারেল পার্টি ইতোমধ্যে আহসানুল হাফিজকে তাদের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। এছাড়া নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) থেকে প্রার্থী হয়েছেন ফাতিমা সাবান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্কারবরো সাউথওয়েস্টের উপনির্বাচনে পিসির ডা. এএসএম নুরুল্লাহ তরুণ, লিবারেল প্রার্থী আহসানুল হাফিজ এবং এনডিপির ফাতিমা সাবানের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠতে পারে। বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থী—ডা. এএসএম নুরুল্লাহ তরুণ ও আহসানুল হাফিজের মধ্যকার লড়াই উপনির্বাচনের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।