পটুয়াখালীর বাউফলে এশার নামাজ আদায় করতে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. মুসা (৫৫) নামে এক গণিত শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মুসা উপজেলার নুরাইনপুর অগ্রাণী বিদ্যাপীঠের সহকারী শিক্ষক (গণিত) ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরাইনপুর বাজার এলাকায় বসবাসকারী মো. মুসা প্রতিদিনের মতো শুক্রবার রাতে এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে নুরাইনপুর বাজার জামে মসজিদে যাচ্ছিলেন। পথে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। অটোরিকশার ধাক্কায় তিনি পাকা সড়কে ছিটকে পড়ে মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রউফ জানান, পাকারাস্তায় পড়ে মাথা ও মুখমণ্ডলে মারাত্মক আঘাত পাওয়ায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার পরপরই চিকিৎসা শুরু করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, এই সড়ক দুর্ঘটনার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।