বলিউড তারকা শাহরুখ খান তার ব্যক্তিগত জীবনের এক আবেগঘন অধ্যায়কে যেন আবার নিজের করে নিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কে অবস্থিত সেই বাড়ির বাকি অংশও কিনে নিয়েছেন তিনি, যেখানে স্ত্রী গৌরী খানের সঙ্গে বিয়ের পর প্রথম সংসার শুরু করেছিলেন। এর ফলে এখন পুরো ভবনের একমাত্র মালিক শাহরুখ।
ব্যক্তিগত জীবনের এক বিশেষ স্মৃতিকে আরও আপন করে নিলেন বলিউড তারকা শাহরুখ খান। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কে অবস্থিত সেই বাড়ির অবশিষ্ট অংশও কিনে নিয়েছেন তিনি, যেখানে বিয়ের পর স্ত্রী গৌরী খানের সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন। এর মধ্য দিয়ে পুরো ভবনের একমাত্র মালিকানা এখন শাহরুখ খানের দখলে।
৩৭ কোটি টাকার চুক্তি
মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটির বেজমেন্ট ও প্রথম তলার মালিকানা আগে থেকেই শাহরুখ খানের ছিল। সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপি ব্যয়ে তিনি দ্বিতীয় ও তৃতীয় তলাও কিনে নিয়েছেন। ফলে পঞ্চশীল পার্কের পুরো বাড়িটির একক মালিকানা এখন তার হাতে।
প্রায় ১ হাজার ২০০ বর্গমিটার জমির ওপর নির্মিত এই বাড়ি দক্ষিণ দিল্লির অন্যতম অভিজাত আবাসিক এলাকায় অবস্থিত। প্রতিবেদনে আরও বলা হয়েছে, জমির আনুমানিক মূল্য প্রতি বর্গফুটে প্রায় ৩৪ হাজার ২৬০ রুপি হিসেবে নির্ধারণ করা হয়েছে।
শুধু সম্পত্তি নয়, স্মৃতিরও ঠিকানা
শাহরুখ-গৌরীর কাছে পঞ্চশীল পার্কের এই বাড়ির গুরুত্ব কেবল অর্থমূল্যে সীমাবদ্ধ নয়; এটি তাদের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের অংশ। ১৯৯১ সালে বিয়ের পর এই বাড়িতেই নতুন সংসার শুরু করেন তারা। সে সময় শাহরুখের বলিউড ক্যারিয়ারও শুরু হয়নি, মুম্বাইয়ে স্থায়ী হওয়ার সিদ্ধান্তও নেননি তিনি।
পরবর্তীতে অভিনয়ের টানে মুম্বাইয়ে গিয়ে একের পর এক সাফল্যে নিজেকে ভারতের অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত করেন। তবু দিল্লির এই বাড়িটি তাদের পথচলার প্রথম অধ্যায়ের স্মৃতিচিহ্ন হয়ে রয়েছে।
গৌরীর কাছেও বিশেষ এই বাড়ি
গৌরী খান আগেও বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, এই বাড়ি তার কাছে বিশেষ আবেগের জায়গা। পরিবারের সদস্যদের কাছাকাছি থাকার পাশাপাশি বহু স্মৃতি ধরে রাখার জন্যই বাড়িটিকে বিশেষভাবে সাজিয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বাড়ির একটি দেয়ালজুড়ে রয়েছে ‘নস্টালজিয়া ওয়াল’, যেখানে ছেলে আরিয়ান খান, মেয়ে সুহানা খান ও ছোট ছেলে আব্রাম খানের শৈশবের নানা স্মারক, শাহরুখের আঁকা ছবি, পোস্টকার্ড, পুরোনো সংগ্রহ এবং পরিবারের প্রিয় উপহার সংরক্ষিত রয়েছে।