রাঙ্গামাটিতে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ফারুয়া বাজার, দুর্ভোগে হাজারো মানুষ

ভারতের মিজোরাম থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্গম ফারুয়া ইউনিয়ন, যেখানে দ্বিতীয় দফার ঢলে পুরো ফারুয়া বাজার পানির নিচে তলিয়ে গেছে। নদীতে তীব্র স্রোতের কারণে দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানোও ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাইংখ্যং নদীর পানি উপচে পড়ায় উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির উচ্চতা এতটাই বেড়েছে যে অনেক এলাকায় গ্রাম, বাজার ও বসতি আলাদা করে চেনার উপায় নেই।

ভারতের মিজোরাম থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় বন্যায় ডুবে যাওয়া লোকালয়। ছবি: ইত্তেফাক

ফারুয়া ইউনিয়নে প্রায় ১৫০টি দোকান পানিতে তলিয়ে যাওয়ায় ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গেছে। রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও গির্জাও প্লাবিত হয়েছে। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় বহু পরিবার ফারুয়া উচ্চ বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদ ভবনে আশ্রয় নিয়েছে। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় দুর্ভোগ আরও বেড়েছে।

রাইংখ্যং নদীতে তীব্র স্রোতের কারণে উপজেলা সদর থেকে ফারুয়া ইউনিয়নে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে সরকারি ত্রাণসামগ্রী সরাসরি দুর্গত এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না।

এদিকে বাঘাইছড়ি ও লংগদু উপজেলায় বন্যার পানি কিছুটা কমলেও বরকল ও জুড়াছড়ির নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। গত চার দিন ধরে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বাঘাইহাট-মারিশ্যা সড়কের 'তিন কিলো' এলাকায় সড়কের একটি অংশ ধসে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

অন্যদিকে পাহাড়ি ঢলের তীব্র স্রোতে রাঙ্গামাটি-বান্দরবান সড়কের শিলক ব্রিজঘাট সেতুর একটি অংশ ধসে পড়েছে। এতে শনিবার সকাল থেকে এ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে এবং দুই জেলার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ভারতের মিজোরাম থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় বন্যায় ডুবে যাওয়া লোকালয়। ছবি: ইত্তেফাক

ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তংচংগ্যা এক অডিও বার্তায় জানান, শনিবার ভোরের ভারী বৃষ্টিতে ফারুয়া বাজার, চাইন্দ্যা, উলুছড়ি, তত্তানালা, উত্তর ও দক্ষিণপাড়া, একগুজ্জাছড়িসহ অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। এতে হাজারো মানুষ মানবেতর জীবনযাপন করছেন। তিনি দুর্গতদের জন্য দ্রুত পর্যাপ্ত ত্রাণ, শুকনো খাবার এবং পানিবাহিত রোগ প্রতিরোধে জরুরি মেডিকেল ক্যাম্প স্থাপনের দাবি জানান। তিনি জানান, আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের জন্য স্থানীয়ভাবে রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়েছে।

বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, পাহাড়ি ঢলের কারণে রাইংখ্যং নদীতে প্রচণ্ড স্রোত থাকায় আপাতত নৌপথে ফারুয়ায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। স্রোত কমলেই বড় পরিসরে ত্রাণসামগ্রী নিয়ে দুর্গত এলাকায় যাওয়া হবে। তবে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের জন্য স্থানীয়ভাবে খাবারের ব্যবস্থা করা হয়েছে।

রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন বলেন, শুক্রবার থেকেই ফারুয়ায় ত্রাণ পৌঁছানোর চেষ্টা চলছে। কিন্তু নদীর তীব্র স্রোতের কারণে সরাসরি যাওয়া সম্ভব হয়নি। বিকল্প হিসেবে স্থানীয় বাজার থেকে চাল, ডাল ও তেল সংগ্রহ করে দুর্গতদের মধ্যে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারতের মিজোরাম থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় বন্যায় ডুবে যাওয়া লোকালয়। ছবি: ইত্তেফাক

রাঙ্গামাটির ১০ উপজেলার মধ্যে বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুড়াছড়ি, বিলাইছড়ি ও নানিয়ারচরের অধিকাংশ এলাকা নৌপথনির্ভর হওয়ায় পাহাড়ি ঢলের কারণে যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্কের বিভ্রাট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এদিকে রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান জানান, দুর্গম ফারুয়া এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা রয়েছেন। স্থানীয়ভাবে খাদ্য সংগ্রহ করে দুর্গতদের মধ্যে বিতরণ করা হচ্ছে। পাশাপাশি তিনি শনিবার বরকল উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে ত্রাণ ও খাবার বিতরণ করেছেন।