ভিয়েতনামের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ফু কুওক দ্বীপের কাছে একটি পর্যটকবাহী নৌকা ডুবে অন্তত ১৫ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নৌকাটিতে মোট ৩৬ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
স্থানীয় সংবাদমাধ্যম বলেছে, দুর্ঘটনার পর ২১ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
ভিয়েতনামের স্থানীয় প্রশাসন বলেছে, নৌকাটিতে ৩২ জন ভারতীয় পর্যটক, তিনজন ক্রু সদস্য এবং একজন অ্যাটেনডেন্ট ছিলেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
উত্তাল সমুদ্র এবং প্রচণ্ড বাতাসের মাঝে ‘হন মে রুত এনগোয়াই’ দ্বীপ থেকে আন থোই বন্দরের উদ্দেশে রওনা দেওয়ার পরপরই নৌকাটি উল্টে যায়। এতে সব যাত্রী ও ক্রু সদস্য পানির নিচে তলিয়ে যান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই ঘটনার হালনাগাদ তথ্য শেয়ার করে দেশটিতে নিযুক্ত ভারতীয় দূতাবাস লিখেছে, ‘মর্মান্তিক এক দুর্ঘটনায় ভিয়েতনামের ফু কুওক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। স্থানীয় কর্তৃপক্ষের তল্লাশি ও উদ্ধার অভিযান চলমান থাকায় এই দুর্ঘটনার সঠিক বিবরণ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।’
এদিকে, ভারতের অন্ধ্রপ্রদেশের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী নারা লোকেশ এই দুর্ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং নয়াদিল্লির অন্ধ্রপ্রদেশ ভবন ও রাজ্য সরকারের কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়েছেন।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে অন্ধ্রপ্রদেশের কোনও বাসিন্দা আছেন কি না সে বিষয়ে জানতে চেয়েছেন তিনি। অবকাশ যাপনে যাওয়া অন্ধ্রপ্রদেশের কিছু পর্যটক এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি।