সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে দুই পরিবর্তনের ইঙ্গিত

বিশ্বকাপের গ্রুপ পর্ব অনায়াসে পার করলেও নকআউট পর্বের প্রতিটি পদে পদে কঠিন ও স্নায়ুক্ষয়ী চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে মেসিদের। শেষ বত্রিশের ম্যাচে আফ্রিকার পুঁচকে দেশ কেপ ভার্দে অতিরিক্ত সময়ে গিয়ে হার মেনেছে, আর শেষ ১৬-র ম্যাচে মিসর জয়ের জোরালো সম্ভাবনা জাগিয়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় হেরে বিদায় নিয়েছে।

এবার সেমিফাইনালে ওঠার মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটিতে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে লিওনেল স্কালোনির দল।

হাইভোল্টেজ এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি ইঙ্গিত দিয়েছেন যে, মিসরের বিপক্ষে গত ম্যাচে জয়ী দলটির ওপরই তিনি মূলত ভরসা রাখছেন। তবে কন্ডিশন ও প্রতিপক্ষের শক্তি বিবেচনা করে একাদশে অল্প কিছু কৌশলগত পরিবর্তনও আসতে পারে।

কোচ স্কালোনি বলেন, আমরা একই একাদশ রেখে দলীয় অনুশীলন করেছি। ওই একাদশ নিয়ে খেললে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে সামান্য পরিবর্তনও আসতে পারে। নীতিগতভাবে, গত ম্যাচে আমরা যে দল নিয়ে খেলেছি, তার কাছাকাছি একটি দল নিয়েই সুইজারল্যান্ডের বিপক্ষে লড়তে চাইবো।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন এবং কোচের বক্তব্য অনুযায়ী, আর্জেন্টিনার শুরুর একাদশে দুটি পরিবর্তন দেখা যেতে পারে। মিসরের বিপক্ষে বদলি নেমে গঞ্জালো মন্টিয়েল খুব ভালো খেলেছিলেন। সুইজারল্যান্ডের বিপক্ষে ফ্রেশ এই ডিফেন্ডারকে শুরুতে খেলাতে পারেন স্কালোনি। টিওয়াইসি জানিয়েছে, মিডফিল্ডের বড় ভরসা ম্যাক অ্যালিস্টারকে বেঞ্চে বসিয়ে নিকো গঞ্জালেসকে খেলাতে পারেন কোচ স্কালোনি।

মিসরের বিপক্ষে শুরুর একাদশে লওতারো মার্টিনেজকে বেঞ্চে ঠেলে জায়গা করে নিয়েছিলেন জুলিয়ান আলভারেজ। সুইসদের বিপক্ষেও মেসির সঙ্গে আক্রমণ সামলানোর দায়িত্ব তার কাঁধেই থাকতে যাচ্ছে।

আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ: এমি মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিয়ান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ত্যাগফিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, জুলিয়ান  আলভারেজ।