শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের কেউ মুসলিম কিংবা বাংলাদেশি হয়ে উঠতে পারেনি।’ 

শনিবার (১১ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশনে এনসিপি আয়োজিত পদযাত্রা পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

সারজিস আলম বলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেন। তিনি ১৯৭২-৭৫ পর্যন্ত স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করেন। তার মেয়ে শেখ হাসিনাও একই কায়দায় গত ১৫ বছর দেশ পরিচালনা করেন। 

সীমান্তে পুশইনের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সাধারণ মানুষের প্রতিবাদী মনোভাবের প্রশংসা করে এনসিপি এ নেতা। একইসঙ্গে বিজিবিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান সারজিস আলম। 

এর আগে সন্ধ্যায় রাজশাহীর গোদাগাড়ী থেকে সড়ক পথে রহনপুর কলেজ মোড় থেকে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে চলমান ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নেন সারজিস আলম। পদযাত্রা পর তিনি রহনপুর কলোনি মোড়-স্টেশন রোড হয়ে রহনপুর রেলস্টেশন এলাকায় সমাবেশে মিলিত হন। এ সময় জুলাই আন্দোলনে শহীদ তারেকের বাবা রফিকুল ইসলামের সঙ্গে কথা বলেন এবং তাকে সভামঞ্চে নিয়ে যান।

এ সময় উপজেলা এসসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আবু মাসুদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম সদস্য সচিব এস এম সাঈফ মুস্তাফিজ, জাতীয় নাগরিক শক্তির কেন্দ্রীয় আহ্বাযক জাহিদ হাসান, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির সভাপতি মনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, এনসিপি চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব নজরুল ইসলাম এবং জাতীয় শ্রমিক শক্তির মনিরুল ইসলাম। 

শেষে এনসিপি মনোনীত গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা এনসিপি ভারপ্রাপ্ত আহব্বায়ক আবু মাসুদ মাস্টারকে পরিচয় করিয়ে দেওয়া হয়।