চ্যাটজিপিটি বর্তমানে প্রযুক্তিপ্রেমীদের কাছে এক পরিচিত নাম। ওপেনএআই-এর তৈরি এই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট বিশ্বের লাখো ব্যবহারকারীর দৈনন্দিন কাজকে করে তুলেছে আরও সহজ, দ্রুত ও দক্ষ। লেখালেখি, অনুবাদ, তথ্য বিশ্লেষণ, কোডিং—নানান কাজেই ব্যবহার হচ্ছে এ জনপ্রিয় টুলটি। তবে অনেকেই জানেন না কীভাবে চ্যাটজিপিটির সর্বোচ্চ সুবিধা পাওয়া যায়।
তবে অনেকেই জানেন না কীভাবে চ্যাটজিপিটির সর্বোচ্চ সুবিধা পাওয়া যায়। একটু বুঝে ও পরিকল্পনা করে ব্যবহার করলে এর কার্যকারিতা বহুগুণে বাড়ানো সম্ভব।
প্রথমেই শিখুন ভাষার ব্যবহার
অনেকেই মনে করেন, এআই ব্যবহারের জন্য ইংরেজি ভালো করে জানতে হবে। এটি একটি ভুল ধারণা। শুরুর দিকে এআই প্রধানত ইংরেজিনির্ভর থাকলেও বর্তমানে আধুনিক এআই মডেল চ্যাটজিপিটি, ক্লড বা জেমিনাই বাংলা ভাষা সাবলীলভাবে বুঝতে ও লিখতে পারে। তাই এআই ব্যবহারের জন্য ইংরেজি জানা মোটেও বাধ্যতামূলক নয়। আসল দক্ষতা হলো প্রম্পটিং বা চিন্তার স্পষ্টতা।
সপ্তাহের প্ল্যান করতে পারেন
সারা সপ্তাহের প্ল্যানগুলো অনেকেই করে রাখেন কাজের চাপ হালকা করতে। কিন্তু সেজন্য পাঁচটা অ্যাপ ঘাঁটতে হয়। এখন সেসব ঝঞ্ঝাট অতীত। চ্যাটজিপিটি একাই অনেক! আপনার খাদ্যাভ্যাস, আপনার ফ্রিজে কী আছে না আছে এবং আপনার সময়সীমা জানিয়ে দেন। অবাক হয়ে দেখবেন আপনার প্রাতঃরাশ, দ্বিপ্রাহরিক ও রাতের খাওয়ার তালিকা বানিয়ে ফেলেছে আপনার প্রিয় চ্যাটবট। এ তো গেল খাওয়া দাওয়া। জামাকাপড় কবে কী পরবেন? স্রেফ কাচা জামাকাপড়ের তালিকা দিয়েদিন। সঙ্গে আবহাওয়ার পূর্বাভাস এবং আপনার শিডিউল। ব্যাস, সারা সপ্তাহের পোশাকের ‘রস্টার’ রেডি!
ভ্রমণের পরিকল্পনা
ধরুন কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। ট্র্যাভেল ওয়েবসাইট থেকে সেখানকার দর্শনীয় স্থানের তালিকা দেখে নিলেন। কিন্তু চ্যাটজিপিটি এখানেও এক কদম এগিয়ে রয়েছে। আপনার পছন্দ অনুযায়ী, কোনগুলো গেলে সবচেয়ে আনন্দ পাবেন সব ক্রম ধরে জানিয়ে দেবে। আসলে বেড়াতে গেলে কেউ চান সেখানকার সেরা খাবারগুলো খেতে। কারো আগ্রহ ঐতিহাসিক স্থানগুলি ঘুরবেন। কেউ কেউ স্রেফ প্রকৃতির কোলে ছুটির আমেজ উপভোগ করতে চান। সেক্ষেত্রে আপনার পছন্দমতো সেরা স্পট বলে দেবে চ্যাটজিপিটি। জানিয়ে দেবে পৌঁছনোর ‘স্মার্ট’ রুট! এবং চাইলে সেখানকার স্থানীয় ভাষার প্রয়োজনীয় শব্দগুচ্ছের তালিকা পর্যন্ত ধরিয়ে দেবে মুহূর্তে!
চ্যাটজিপিটিকে দক্ষ করে তুলুন
চ্যাটজিপিটির কাছ থেকেই এর ব্যবহারের কৌশল শেখার অন্যতম সেরা উপায় হলো মেটা-প্রম্পটিং বা চ্যাটজিপিটিকে দিয়ে প্রম্পট তৈরি করিয়ে নেওয়া। আপনি যে কাজটি করতে চান, তা চ্যাটজিপিটিকে জানিয়ে তাকে দিয়েই প্রম্পট লেখাতে পারেন। যেমন-‘আমি একটি নতুন বিজনেস প্রজেক্টের প্রেজেন্টেশন বানাব। এই কাজের জন্য সেরা আউটপুট পেতে চ্যাটজিপিটিকে কী প্রম্পট দেওয়া উচিত, তুমিই আমাকে সেই প্রম্পটটি লিখে দাও।’
এর মাধ্যমে ব্যবহারকারী নিজেই বুঝতে পারবেন, কীভাবে একটি নিখুঁত প্রম্পট তৈরি হয়। এ ছাড়া চ্যাটজিপিটিকে কোনো কাজ দেওয়ার পর সরাসরি জিজ্ঞেস করা যায়, এই উত্তরটিকে আরও প্রফেশনাল বা তথ্যবহুল করতে আমি আমার প্রম্পটে আর কী কী তথ্য যোগ করতে পারতাম? এই রিভার্স লার্নিং বা উল্টো শেখার পদ্ধতি ব্যবহারকারীকে দ্রুত প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে দক্ষ করে তোলে।
এই পরামর্শ কিন্তু শুধু চ্যাটজিপিটির ক্ষেত্রেই প্রযোজ্য নয়, গুগল জেমিনাই বা ক্লডের ক্ষেত্রেও একই কৌশল কাজে লাগাতে পারেন।
ক্লাসের কাজের জন্য এআই ব্যবহার
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট তৈরি, গবেষণার রূপরেখা সাজানো কিংবা কঠিন কোনো একাডেমিক তত্ত্ব সহজ ভাষায় বোঝা প্রতিদিনের কাজের অংশ। একজন শিক্ষার্থী চ্যাটজিপিটি ব্যবহারের সেরা কৌশল জানতে একে সরাসরি বলতে পারেন, ‘আমি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। আমার অ্যাকাউন্টিংয়ের জটিল থিওরিগুলো সহজে বুঝতে এবং রিসার্চ পেপারের জন্য লিটারেচার রিভিউ লিখতে তোমার সাহায্য চাই। তোমাকে কীভাবে নির্দেশ বা প্রম্পট দিলে তুমি আমাকে সবচেয়ে নির্ভুল ও গোছানো উত্তর দিতে পারবে, তার ৫টি উদাহরণসহ গাইডলাইন দাও।’ এই একটি প্রশ্ন চ্যাটজিপিটিকে শিক্ষার্থীর জন্য একজন দক্ষ একাডেমিক মেন্টরে রূপান্তর করবে। চ্যাটজিপিটি তখন নিজেই শিখিয়ে দেবে কীভাবে তাকে রোল প্লে করাতে হয় বা নির্দিষ্ট রেফারেন্স ধরে ডেটা অ্যানালাইসিস করাতে হয়।