দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, দুর্গত মানুষের দুর্ভোগ কমাতে সরকার ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
রোববার (১২ জুলাই) চট্টগ্রাম নগরীর টানা ভারী বর্ষণে পানিবন্দি হয়ে পড়া চান্দগাঁও সিঅ্যান্ডবি ও মোহরা এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জনগণের দুর্ভোগ লাঘবকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। কোনো ক্ষতিগ্রস্ত মানুষ যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থা কাজ করছে।
এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দুর্যোগ মোকাবিলায় সিটি করপোরেশন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। পানিবন্দি মানুষের জন্য খাদ্য, আশ্রয় ও জরুরি সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পরিদর্শনকালে সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও সংসদ সদস্য সাঈদ আল নোমান উপস্থিত ছিলেন। তারা দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।