বাসচাপায় প্রাণ গেল বাবার, অলৌকিকভাবে বাঁচলো কোলের মেয়েটি

রংপুরে মেয়েকে মাদ্রাসায় দিতে যাওয়ার সময় বাসচাপায় বাবা আবুল কাশেম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তবে এসময় তার সঙ্গে থাকা ৬ বছরের এক কন্যাশিশু অলৌকিক বেঁচে যায়। এই ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

রোববার (১২ জুলাই) সকালে নগরীর মডার্ণ মোড় তুলা গবেষণা কেন্দ্রের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম স্থানীয় জিয়াদপুকুর মাদ্রাসার প্রধান শিক্ষক এবং মিঠাপুকুর উপজেলার ছড়ান এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে আবুল কাশেম তার ৬ বছর বয়সী মেয়েকে মাদ্রাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি বাস লোকাল লেনে ঢুকে পড়ে। ওই বাসটি ইউটার্ন নেওয়ার সময় পেছনে থাকা আবুল কাশেমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে তার কোলে থাকা মেয়ে প্রাণে বেঁচে যায়।

এদিকে এই ঘটনায় উত্তেজিত জনতা বাসে আগুন দিয়ে সড়ক অবরোধ করে। এতে প্রায় ঘন্টাব্যাপী বিক্ষোভ চলার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। পুলিশ বাসচালক মুর্তূজাকে আটকের তথ্য জানিয়েছে।

স্থানীয়দের বরাতে তাজহাট থানার ওসি আতাউর রহমান বলেন, সকালে আবুল কাশেম তার ৬ বছর বয়সী মেয়েকে মাদ্রাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি বাস লোকাল লেনে ঢুকে পড়ে এবং ইউটার্ন নেয়ার সময় পেছনে থাকা আবুল কাশেমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে তার কোলে থাকা মেয়ে প্রাণে বেঁচে যায়। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসে আগুন দিয়ে সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ওসি আতাউর রহমান বলেন, বাসচালককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।