চট্টগ্রাম

বৃষ্টির পানি চলাচল নিয়ে তর্কের জেরে মারধরে যুবক নিহত

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় চাচা এবং চাচাতো ভাইদের মরধরে মোহাম্মদ ওবায়দুল্লাহ নামের এক যুবক নিহতের খবর পাওয়া গেছে। বৃষ্টির পানি চলাচল নিয়ে এই মারামারির সূত্রপাত বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।

রোববার (১২ জুলাই ) বিকেলে রাঙ্গুনিয়ায়র পদুয়া ইউনিয়নের নাপিতপুকুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃষ্টির সময় বাড়ি ভিটার ওপর পানি চলাচলকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে চাচা এবং চাচাতো ভাইয়েরা মিলে তাকে গাছের বাটাম দিয়ে মারধর করে।

নিহতের বড়ভাই শহিদুল্লাহ অভিযোগ করে জানান, বৃষ্টির পানির সঙ্গে সেফটি ট্যাংক খুলে দেওয়ায় প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছিল। এতে আপত্তি করায় চাচা বুদরুচ মিয়া, চাচাতো ভাই ইমরান, কুদ্দুস, ইকবালসহ ৪/৫ জন এলোপাতাড়ি ওবাইদুল্লাহকে মারধর করে। মুর্মূর্ষ অবস্থায় তাকে স্থানীয় শারজাহ হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে ৫টার দিকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন বলেন, ঘটনা শুনেছি। বৃষ্টির পানি চলাচল নিয়ে বাগবিতণ্ডার জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। লিখিত অভিযোগ দিলে এই ঘটনায় আইন অনুযায় ব্যবস্থা নেওয়া হবে।