পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ২০ টাকার জন্য স্কুলছাত্রকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জের হোসেনপুরে অর্ধবার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ২০ টাকা চাওয়াকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে রাফি (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। রোববার (১২ জুলাই) বিকেলে পৌর শহরের উপজেলা কোয়ার্টারের সামনে এ ঘটনা ঘটে।

আহত রাফি হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি পাশের উপজেলা নান্দাইলে। 

‎আহত রাফি জানান, বাড়ি দূরে হওয়ায় একদল কিশোর গ্যাং সদস্য প্রায়ই তার কাছে টাকা দাবি করত। বিষয়টি নিয়ে তিনি দীর্ঘদিন ধরে আতঙ্কে ছিলেন। রোববার অর্ধবার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় উপজেলা কোয়ার্টারের সামনে ওই কিশোররা তার পথরোধ করে। তারা তার কাছে ২০ টাকা দাবি করে। টাকা দিতে না পারলে তাদের একজন ধারালো অস্ত্র দিয়ে তার পেট ও হাতে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

‎হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো বলেন, আহত শিক্ষার্থীর পেটে গভীর ক্ষত ছিল। হাসপাতালে আনার পর তার পেটে একাধিক সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

‎হোসেনপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।