উইম্বলডন শিরোপা ধরে রাখলেন ইয়ানিক সিনার। রোববার (১২ জুলাই) ফাইনালে আলেক্সান্দার জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতলেন ইতালিয়ান শীর্ষ বাছাই।
তৃতীয় সেটে ঘাসের মধ্যে পিছলে গিয়ে হাঁটুতে আঘাত পান জভেরেভ। আর কোনো প্রতিরোধ গড়তে পারেননি এই জার্মান। শেষ পর্যন্ত ৬-৭ (৭), ৭-৬ (২), ৬-৩, ৬-৪ গেমে জয় পান সিনার।
ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ডে বিদায়ের পর প্রথম টুর্নামেন্টে নেমে সিনার পঞ্চম গ্র্যান্ড স্লাম জিতলেন। ম্যাচ শেষে সিনার বলেন, ‘এই জয়টা অনেক গুরুত্বপূর্ণ, কারণ প্যারিসের পর আবারও এটা একটা কঠিন লড়াই ছিল। আমি নিজের এবং আমার দলের জন্য গর্বিত, যারা আমাকে ক্রমাগত সঠিক পথে এগিয়ে যেতে উৎসাহিত করে।’
এ নিয়ে জভেরেভের বিপক্ষে টানা দশম ম্যাচ জিতলেন সিনার। সদ্যই তার জার্মান প্রতিপক্ষ ফ্রেঞ্চ ওপেনে প্রথম গ্র্যান্ড স্লাম জিতে এসেছেন। উইম্বলডনে এতদিন তিনবার চতুর্থ রাউন্ডে ওঠাই ছিল তার সেরা সাফল্য।