ফুলপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত

ময়মনসিংহের ফুলপুরে সোনার বাংলা বাস ও সিএনজি অটো রিকশার  মুখোমুখি সংঘর্ষে জায়েদ (৬) নামে এক মাদ্রাসা ছাত্রসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে। ঢাকা-শেরপুর মহাসড়কের ইমাদপুর মোদকপাড়া নামক স্থানে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় মা কাজল (২৫) ও তার আরেক শিশু চার বছরের মুন্নিসহ আরও ৫ জন গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় চারজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে  চিকিৎসকরা সিরাজ (৪৫) নামে আরও একজনকে  মৃত ঘোষণা করেন।

জানা যায়, শেরপুর থেকে ঢাকাগামী সোনার বাংলা পরিবহণের (ঢাকা মেট্রো ব-১১-৬৬২২) একটি বাসের সঙ্গে ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি সিএনজি চালিত অটোরিকশার (ময়মনসিংহ থ-১১-৩৭৮৫) মুখোমুখি সংঘর্ষ হয় উপজেলার ইমাদপুর গ্রামের মোদকপাড়া নামক স্থানে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই জায়েদ নিহত হয়।

নিহত জায়েদ শেরপুর কালিবাড়ি টেংগুরিয়া মাদ্রাসার নূরানী ক্লাসের ছাত্র ও প্রাইভেট কার চালক আব্দুল মালেকের পুত্র। অপরদিকে নিহত সিরাজের বাড়ি শম্ভুগঞ্জ সদর এলাকায়।

আরও পড়ুন: চাষাঢ়ায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ৩ ঘন্টা রাস্তা বন্ধ

পুলিশ বাস ও সিএনজি অটোরিকশা জব্দ করেছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন স্পিড ব্রেকারের দাবিতে ঘন্টাব্যাপি  সড়ক অবরোধ করে রাখে। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাস পেয়ে তুলে নেয়।

ইত্তেফাক/নূহু