ছোটবেলা থেকেই টিস্যু ব্যবহার করে পকেটে রাখি, তারপর ডাস্টবিনে ফেলে দিই: প্রধানমন্ত্রী

দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নাগরিকদের ছোট ছোট অভ্যাস পরিবর্তনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে একটি সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল-বাটাজোর খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

নিজের ব্যক্তিগত অভ্যাসের উদাহরণ তুলে ধরে তারেক রহমান বলেন, ব্যবহৃত টিস্যু যেখানে-সেখানে না ফেলে পকেটে রেখে পরে নির্ধারিত স্থানে ফেলে দেন তিনি। তিনি বলেন, ছোটবেলা থেকেই এ অভ্যাস গড়ে তুলেছেন, যাতে নিজের কাজের মাধ্যমে অন্যদেরও উৎসাহিত করা যায়।

প্রধানমন্ত্রী বলেন, “আমার পকেটে হাত দিলে টিস্যু পাওয়া যাবে। ব্যবহার করার পর আমি টিস্যু পকেটে রেখে দিই। রাতে বাসায় গিয়ে ডাস্টবিনে বা নির্দিষ্ট স্থানে সেগুলো ফেলে দিই।”

তিনি বলেন, পরিচ্ছন্নতা শুধু কয়েকজনের দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। মানুষ যদি নিজেদের অভ্যাস পরিবর্তন করে, তাহলে দেশকে পরিষ্কার রাখা অনেক সহজ হবে।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেখানে-সেখানে আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ময়লা ফেলতে হবে। পানির বোতল, প্যাকেটসহ ব্যবহার শেষে যেসব জিনিসের প্রয়োজন থাকে না, সেগুলো রাস্তাঘাটে ফেলে পরিবেশ নষ্ট করা উচিত নয়।

তিনি বলেন, “নিজের ঘর যেমন আমরা পরিষ্কার রাখি, দেশকেও তেমন নিজের ঘরের মতো ভাবতে হবে। বাইরে থেকে কেউ এসে আমাদের দেশ পরিষ্কার করে দিয়ে যাবে না। দেশকে সুন্দর করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

পরিবেশ দূষণের ক্ষতিকর দিক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এর প্রভাব শেষ পর্যন্ত মানুষের জীবনেই পড়ে এবং ভবিষ্যৎ প্রজন্মকেও এর নেতিবাচক ফল ভোগ করতে হয়।

সরিকল-বাটাজোর খালে ভাসমান প্লাস্টিকের বোতল দেখিয়ে প্রধানমন্ত্রী বলেন, কয়েকজন মানুষ পরিষ্কার রাখলেও অন্যরা নিয়মিত ময়লা ফেললে কোনো স্থান পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। তাই সবাইকে দায়িত্বশীল হতে হবে।

তিনি বলেন, “দেশটাও ঘরের মতো। কয়েকজন পরিষ্কার করবে আর সবাই ময়লা করবে—এভাবে দেশ পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। যেখানে ময়লা ফেলার জায়গা, সেখানেই ময়লা ফেলতে হবে।”

বাজার, সড়ক ও জনসমাগমস্থলে ছড়িয়ে থাকা আবর্জনা পরিবেশের পাশাপাশি দেশের সৌন্দর্যও নষ্ট করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবাই সচেতন হলে একটি সুন্দর পরিবেশ তৈরি করা সম্ভব হবে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর গৌরনদীতে পৌঁছায়। সেখানে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান।