হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অংশ হিসেবে উপসাগরীয় অঞ্চলে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। রোববার (১২ জুলাই) রাতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ওমানের ডুকম বন্দরের একটি মার্কিন রিফুয়েলিং স্টেশনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে ধ্বংস করেছে বলে দাবি করেছে।
সোমবার (১৩ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, এসব স্থাপনা মার্কিন বিমানবাহী রণতরীগুলোকে জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত হতো। ইরানের অভিযোগ, এগুলো তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বোমা হামলায় মূল ভূমিকা রাখছিল।
গত মাসে অন্তর্বর্তী শান্তি চুক্তি স্বাক্ষরের পর এটিই ওই অঞ্চলের আরব দেশগুলোর ওপর ইরানের সবচেয়ে বড় ধরনের হামলা। এ ঘটনায় সংশ্লিষ্ট দেশগুলো থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। ইরান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এতে গত কয়েক মাসের সব কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরান হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলকে বাধাগ্রস্ত করে অঞ্চলে নতুন করে নিরাপত্তাহীনতা তৈরি করেছে।
হামলায় কাতার, ওমানসহ কয়েকটি দেশকে নিশানা করা হয়েছে। কাতার এটাকে বিপজ্জনক উত্তেজনা বাড়ানোর ঘটনা বলে বর্ণনা করেছে। ওমান নিজ ভূখণ্ডে হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
কুয়েতি সেনাবাহিনী জানিয়েছে, একটি অফশোর ড্রিলিং প্ল্যাটফর্মে ড্রোন হামলায় একজন কর্মী আহত হয়েছেন। আইআরজিসি অবশ্য দাবি করেছে, তারা মার্কিন রকেট লঞ্চার লক্ষ্য করে হামলা চালিয়েছিল।
ইরান ঘোষণা করেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। শনিবারও সেখানে দুটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে।
প্রণালির বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার এনবিসিকে বলেন, এটি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ‘উন্মুক্ত’। তবে বিস্তারিত আলোচনা করতে তিনি অস্বীকৃতি জানান।
রোববার সন্ধ্যায় মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। উদ্দেশ্য হরমুজ প্রণালিতে জাহাজ হামলার ইরানের সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করা। ইউএস সেন্ট্রাল কমান্ডের এক্স পোস্টে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই হামলার নির্দেশ দিয়েছেন।
এর জবাবে সোমবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আইআরজিসি জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটি ও লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইরনা নিউজ এজেন্সির বরাতে বলা হয়, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটি, বাহরাইনের মার্কিন ড্রোন কমান্ড সেন্টার এবং কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিসহ একাধিক স্থান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।