চট্টগ্রাম নগরীতে চাঁদা চেয়ে ফোনে হুমকির পর একটি ইন্টরনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেময় প্রতিষ্ঠান থেকে ৩৫ লাখ টাকা লুট করা হয় বলে দবি করেছেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। তাদের ভাষ্য, দুদিন আগে ফোনে করে ডেভিড ইমন পরিচয়ে হুমকি দেওয়া হয়েছিল, ‘ব্যবসা করতে হলে ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’।
এই হুমকির পর সোমবার (১৩ জুলাই) ১২টার দিকে নগরের চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া এক্সেস সড়কে অবস্থিত ‘ডিজিটাল ডট নেট (ডিডিএন)’ নামে ওই প্রতিষ্ঠনাটির কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানের মালিক আদিল বিন মামুন অভিযোগ করে বলেন,
‘দুই দিন আগে বিদেশি একটি নম্বর থেকে ফোন করে ডেভিড ইমন (মোবারক হোসেন ইমন) পরিচয়ে আমার কাছে ফোন আসে। এতে ইমন বলেন, ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি। মাসে দিবি ১০ লাখ।’ এখন থেকে ব্যবসা আমরা করব।
আদিল বিন মামুন অভিযোগ করেন, চাঁদা না দেওয়ায় তারা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। ইমন বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী বলে দাবি করেন তিনি।
আদিল বিন মামুন আরও বলেন, মুঠোফোনে কথোপকথনের সময় ডেভিড ইমন নিজেকে সবাই চেনে বলে দাবি করেন। এমনকি তার ছবি পুলিশ কমিশনারকে দেখিয়ে চিনে নিতে বলেন। স্মার্ট গ্রুপের মালিক মুজিবুর রহমানের বাসায় চাঁদা না পেয়ে গুলি করার ঘটনাও উল্লেখ করেন। একই সঙ্গে আদিল বিন মামুন তাদের চেয়ে বড় ব্যবসায়ী হয়ে গেছেন কি না, সে প্রশ্নও তোলেন।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল হঠাৎ ডিডিএনের কার্যালয়ে ঢুকে পড়ে। দেশীয় অস্ত্রধারী ওই ব্যক্তিরা অফিসের কম্পিউটার, কর্মকর্তা-কর্মচারীদের মুঠোফোন এবং বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। একজনকে কুড়াল দিয়ে কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামে আঘাত করতে দেখা যায়। এ সময় তারা কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখান।
চকবাজার থানার ওসি নুর হোসেন মামুন বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।