অভিনয়ে ফেরার আর ইচ্ছা নেই, নিজেই জানালেন ইমরান আব্বাস

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ইমরান আব্বাস শোবিজ অঙ্গনে ফিরছেন কি না—এ নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়েছেন তিনি নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্তের প্রশ্নের জবাবে অভিনেতা জানিয়েছেন, আপাতত অভিনয়ে ফেরার কোনো ইচ্ছা নেই।

সম্প্রতি এক ভক্ত জানতে চান, ‘ইমরান ভাই, আপনি শোবিজে কবে ফিরবেন?’ জবাবে ইমরান আব্বাস লেখেন, ‘সত্যি বলতে, আপাতত কোনো ইচ্ছা নেই।’

তার এই মন্তব্যের পর অনেকেই ধারণা করছেন, অন্তত এখনই অভিনয়ে ফেরার পরিকল্পনা নেই তার। গত কয়েক বছর ধরেই তিনি আলোচনার বাইরে রয়েছেন। ২০২৪ সালে তাকে একটি চলচ্চিত্র ও একটি মিনি সিরিজে দেখা গেলেও এরপর নতুন কোনো প্রকল্পে কাজের ঘোষণা আসেনি।

তবে অভিনয় থেকে দূরে সরে যাওয়ার পেছনে কোনো নির্দিষ্ট কারণ জানাননি ইমরান আব্বাস। ভক্ত ও ঘনিষ্ঠদের ধারণা, এটি সাময়িক বিরতি নয়; বরং ব্যক্তিগত সিদ্ধান্তেই তিনি দীর্ঘ সময়ের জন্য অভিনয় থেকে দূরে রয়েছেন।

পাকিস্তানের জনপ্রিয় এই অভিনেতা ‘খুদা অউর মোহাব্বত’ নাটকের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। ২০১৪ সালে বিপাশা বসুর বিপরীতে ‘ক্রিয়েচার থ্রিডি’ চলচ্চিত্র দিয়ে বলিউডে অভিষেক হয় তার। পরে ‘জানিসার’ এবং রণবীর কাপুর-আনুশকা শর্মা অভিনীত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ চলচ্চিত্রেও বিশেষ উপস্থিতিতে দেখা যায় তাকে।

অভিনয়ে অনিয়মিত হলেও বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের দর্শকদের কাছে ইমরান আব্বাস এখনো সমান জনপ্রিয়।