বেনাপোল স্থলবন্দরের ৩৭ নম্বর সেড থেকে নিখোঁজ হওয়া ১৯ প্যাকেজ ভারতীয় পণ্য উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। নিলামের পণ্যের আড়ালে পলিথিনে মোড়ানো অবস্থায় লুকিয়ে রাখা এসব পণ্য সোমবার (১৩ জুলাই) বিকেলে জব্দ করা হয়।
কাস্টমস সূত্র জানায়, গত ১২ মার্চ ভারত থেকে একটি চালান আমদানি করা হয়, যেখানে আমদানি নথিতে পণ্য হিসেবে ‘বেকিং পাউডার’ ঘোষণা দেওয়া হয়েছিল। তবে কাস্টমসের কায়িক পরীক্ষায় ওই চালানে ১০৮ প্যাকেজে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও শিশুপোশাক পাওয়া যায়, যা জব্দ করে বেনাপোল বন্দরের ৩৭ নম্বর সেডে সংরক্ষণ করা হয়।
পরবর্তীতে গত ২ জুন পুনরায় চালানটি পরীক্ষা করে ১৯ প্যাকেজ পণ্য কম পাওয়া যায়। এরপর তদন্তের ধারাবাহিকতায় সোমবার সেডের ভেতরে নিলামের পণ্যের আড়ালে লুকিয়ে রাখা অবস্থায় নিখোঁজ ওই ১৯ প্যাকেজ উদ্ধার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বেনাপোল কাস্টমসের এক সহকারী পরিচালক জানান, জব্দ করা চালানটির আমদানিকারক যশোরের সাফা ইমপেক্স এবং সিঅ্যান্ডএফ এজেন্ট বেনাপোলের মেসার্স হুদা এন্টারপ্রাইজ। মিথ্যা ঘোষণা দিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য আমদানির পাশাপাশি প্রায় ২ কোটি ৩২ লাখ ৬৪ হাজার ৫১৫ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, জব্দ করা ১৯ প্যাকেজ পণ্য কীভাবে সেডের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।