সিরাজগঞ্জে খেলনা গাড়িতে থেকে ১২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

সিরাজগঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে খেলনা গাড়ির ভিতর থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। এ ঘটনায় এক যাত্রীকে আটক করা হয়েছে। 

সোমবার (১৩ জুলাই) বিকেলে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দাথিয়াদিগর পিংকি পাম্প সংলগ্ন এলাকায় ঢাকা থেকে কুড়িগ্রামগামী বনফুল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তির নাম রবিউল আলম সিদ্দিকী। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আসা কুড়িগ্রামগামী বনফুল পরিবহনের অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি খেলনা গাড়ির ভেতর থেকে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়ের করা অভিযোগের ভিত্তিতে রবিউল আলম সিদ্দিকীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিনব এ কৌশলে ইয়াবার চালানটি দেশের উত্তরাঞ্চলে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। মাদক পাচার ও ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে।