হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি বেড়ে ৭৬৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ঢাকায় একজনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন ঢাকার এবং দুজন সিলেটের বাসিন্দা।

এ নিয়ে চলতি বছরে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৬৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬৭১ জনের।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১২২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৩৫ জনে।

একই সময়ে আরও ৮৬৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এতে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৩ হাজার ২৪৪ জন।