ইসরায়েলের সংসদ ভেঙে দেওয়া হচ্ছে, নির্বাচন অক্টোবরে

আগামী শুক্রবার ইসরায়েলের সংসদ (নেসেট) ভেঙে দেওয়া হবে। এরপর আগামী ২৭ অক্টোবর দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান মঙ্গলবার (১৪ জুলাই) এ তথ্য জানিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এটাই হবে ইসরায়েলের প্রথম জাতীয় নির্বাচন। এই নির্বাচনে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত বেঞ্জামিন নেতানিয়াহুর জোট সরকারের জনপ্রিয়তার পরীক্ষা হবে।

সর্বশেষ নির্বাচনে নেতানিয়াহুর দল সবচেয়ে বেশি আসন পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে তাকে উগ্র ডানপন্থী দলগুলোর সঙ্গে জোট করতে হয়। এর ফলে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে চরমপন্থী সরকার গঠিত হয়, যার মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনি ভূমি দখল এবং তাদের অধিকার খর্ব করা।

নেসেটের আর মাত্র কয়েকটি অধিবেশন বাকি রয়েছে। তাই আগামী শুক্রবারই সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভাঙার আগে নেতানিয়াহুর জোট সরকার কয়েকটি বিতর্কিত আইন পাস করার চেষ্টা চালাচ্ছে, যাতে নির্বাচনে সাধারণ মানুষের সমর্থন পাওয়া যায়।

এদিকে নির্বাচনের আগে পশ্চিমতীরে ফিলিস্তিনিদের জমি দখল করে নতুন নতুন অবৈধ বসতি স্থাপন বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে ওই অঞ্চলে ফিলিস্তিনিদের ওপর সহিংসতাও বেড়ে যেতে পারে।

বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, ৭৬ বছর বয়সী নেতানিয়াহু এবার প্রধানমন্ত্রিত্ব হারাতে পারেন। তবে আগেও অনেকবার জরিপকে ভুল প্রমাণ করে তিনি ক্ষমতায় ফিরে এসেছেন।