শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ, তার প্রকাশ্য ক্ষমা প্রার্থনা এবং এইচএসসি পরীক্ষা পুনর্নির্ধারণসহ তিন দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে মিছিল নিয়ে সংসদ ভবনের উদ্দেশে রওনা দেন তারা। সন্ধ্যা ৬টার দিকে সংসদ ভবনের মূল ফটকে পৌঁছে বিভিন্ন স্লোগান দিতে দিতে অবস্থান নেন।
এর আগে বিকেল ৫টার দিকে সায়েন্সল্যাবে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন তিন দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং সাম্প্রতিক বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার মধ্যে অনুষ্ঠিত পরীক্ষাটি পুনরায় আয়োজন করা, যারা ওই দিন পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, পরদিনের পরীক্ষা স্থগিত রেখে নতুন সময়সূচি প্রকাশ করা এবং প্রশ্নপত্রকে আরও শিক্ষার্থীবান্ধব করা।
এর আগে বিকেল পৌনে ৪টার দিকে দ্বিতীয় দফায় সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিলে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, সকাল থেকে কর্মসূচি চললেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ তাদের সঙ্গে আলোচনায় বসেননি।