কুড়িগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

কুড়িগ্রামের রাজারহাটে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে জাহিদুল ইসলাম জিন্নাত (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ১১ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার উমর মজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিন্নাত আলী ওই গ্রামের আব্দুর সাত্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউনিয়নের রাজমাল্লীর হাট গ্রামে রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে জাহিদুল ইসলাম গ্রুপ ও জয়নাল গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি এসিল্যান্ডের সহযোগিতায় রাস্তাটি পুনরায় চালু করা হয়। মঙ্গলবার বিকালে রাস্তাটি নিয়ে পুনরায় বিরোধ ও কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই জিন্নাত আলীর মৃত্যু হয়।

এঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। সন্ধ্যার আগ পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। 

রাজারহাট থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছি। আমরা এখনও ঘটনাস্থলেই আছি এবং বিষয়টার তদন্ত চলছে। অভিযোগ পাওয়া মাত্র মামলা রেকর্ড করা হবে।