আর কয়েকদিন পরেই পর্দা নামবে ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের। আগামী রোববার (১৯ জুলাই) নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। তার আগে সমাপনী আয়োজনে থাকছেন একঝাঁক বিশ্বখ্যাত তারকা। সেই তালিকায় রয়েছেন জনপ্রিয় ইউটিউবার ও স্ট্রিমার আইশোস্পিড।
ফিফা জানিয়েছে, ২৩তম বিশ্বকাপ ফাইনাল শুরুর আগে স্থানীয় সময় দুপুর দেড়টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) অনুষ্ঠান শুরু হবে। সেখানেই পারফর্ম করবেন আইশোস্পিড। এরপর ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে স্থানীয় সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় রাত ১টা)।
আইশোস্পিড ছাড়াও অনুষ্ঠানে অংশ নেবেন মার্কিন অভিনেতা টম ক্রুজ, গায়িকা নিকোল শেরজিঙ্গার ও ইতালীয় সংগীতশিল্পী লরা পাউসিনি। ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপের যাত্রাকে উদযাপন করতেই এই আয়োজন।
ফাইনাল শুরুর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় গায়িকা জেনিফার হাডসন। এছাড়া সুপার বোলের আদলে এবার বিশ্বকাপ ফাইনালেও থাকছে ১১ মিনিটের হাফটাইম শো। সেখানে পারফর্ম করার কথা রয়েছে কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারসহ আরও কয়েকজন শিল্পীর।
ফাইনালের টিকিটধারী দর্শকেরা ম্যাচ শুরুর প্রায় চার ঘণ্টা আগে থেকেই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। তাদের জন্যও থাকবে অতিরিক্ত প্রাক্-ম্যাচ বিনোদনের ব্যবস্থা।