প্রায় দুই দশকের অলিখিত নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ফিরছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা ও অধিকারকর্মী তসলিমা নাসরিন। আগামী ১ আগস্ট কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত ধর্মীয় মৌলবাদবিরোধী এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন ও নতুন সরকার গঠনের পর তসলিমার এই প্রত্যাবর্তনকে মতপ্রকাশের স্বাধীনতার বড় জয় হিসেবে দেখছেন বিশিষ্টজনেরা।
মঙ্গলবার (১৪ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে কলকাতায় ফেরার এই খবর নিশ্চিত করেছেন তসলিমা নাসরিন নিজেই। সেখানে তিনি লেখেন, ‘২০ বছর পর এক মুক্ত বাংলায় প্রত্যাবর্তন’।
জানা গেছে, ‘সেক্যুলার মিশন’, ‘পশ্চিমবঙ্গের জন্য’ এবং ‘হিউম্যান রাইটস বিয়ন্ড ফ্রন্টিয়ার্স’ (এইচআরবিএফ) নামের কয়েকটি মানবাধিকার ও সামাজিক সংগঠন যৌথভাবে তসলিমা নাসরিনকে কলকাতায় ফিরিয়ে আনার এই উদ্যোগ নিয়েছে। মুক্তচিন্তার সপক্ষে ও মৌলবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ আগামী ১ আগস্ট রবীন্দ্র সদনে তাকে এই সংবর্ধনা দেওয়া হবে। ওই অনুষ্ঠানে তসলিমার লেখা কবিতা আবৃত্তি, তার সৃষ্টিকর্ম নির্ভর গান এবং নির্বাসিত জীবনের অভিজ্ঞতা নিয়ে আলোচনার আয়োজন করা হয়েছে।
আয়োজকেরা জানিয়েছেন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের বর্তমান বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রখ্যাত প্রবীণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
আয়োজক কমিটির অন্যতম সদস্য আইনজীবী ওসমান মল্লিক ও মোহিত রায় জানান, তসলিমা নাসরিনের পশ্চিমবঙ্গে আসার ক্ষেত্রে আইনগত কোনো বাধা কখনই ছিল না। কিন্তু পূর্ববর্তী সরকারগুলো ভোটব্যাংকের রাজনীতির স্বার্থে কট্টরপন্থীদের চাপে তাকে কলকাতায় ঢুকতে দেয়নি। তবে রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তসলিমার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন এবং তার এই প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন।
ভারতে তসলিমা নাসরিনের বসবাসের অনুমতি বা ভিসা নবায়ন নিয়ে ২০২৪ সালের সেপ্টেম্বরে একদফা অনিশ্চয়তা দেখা দিয়েছিল। পরবর্তীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপে সেই জটিলতার অবসান হয়। এরপর ২০২৫ সালের মাঝামাঝি সময়ে বিজেপির সংসদ সদস্য শমীক ভট্টাচার্য রাজ্যসভায় তসলিমার কলকাতায় ফেরার সপক্ষে জোরালো দাবি উত্থাপন করেছিলেন।
উল্লেখ্য, ১৯৯৪ সালে বিতর্কিত ‘লজ্জা’ উপন্যাস প্রকাশের পর কট্টরপন্থীদের তীব্র আন্দোলনের মুখে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন তসলিমা নাসরিন। ইউরোপ-আমেরিকায় কয়েক বছর কাটানোর পর ২০০৪ সালে তিনি বাংলা ভাষা ও সংস্কৃতির টানে কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। কিন্তু ২০০৭ সালে আত্মজীবনীমূলক গ্রন্থ ‘দ্বিখণ্ডিত’ প্রকাশের পর মৌলবাদী গোষ্ঠীগুলো সহিংস আন্দোলন শুরু করে।
তখন শান্তি-শৃঙ্খলা বজায় রাখার যুক্তিতে তৎকালীন বামফ্রন্ট সরকার বইটি নিষিদ্ধ করে এবং তসলিমা নাসরিনকে রাজ্য ছাড়তে বাধ্য করে। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের আমলেও তার ফেরার সব চেষ্টা অলিখিতভাবে আটকে দেওয়া হয়, এমনকি থিয়েটার উৎসব থেকেও তার লেখা নাটক প্রত্যাহার করা হয়েছিল। দীর্ঘ সেই বঞ্চনার অবসান ঘটিয়ে অবশেষে প্রিয় পাঠকদের মাঝে ফিরছেন এই আলোচিত লেখিকা।