আদমজী ইপিজেডের কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ‌অনন্ত অ্যাপারেলস লিমিটেড নামক একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছেন বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছেন।

বুধবার (১৫ জুলাই) ভোর ৫টায় কারখানাটির গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

জানা গেছে, ভোর রাতে অনন্ত অ্যাপারেলস লিমিটেডের গোডাউনে হঠাৎ আগুন ধরে যায়। সেই আগুন মুহূর্তেই ছড়িয়ে গেলে আতঙ্ক সৃষ্টি হয়। তবে অগ্নিকাণ্ড সূত্রপাতের কারণ জানা সম্ভব হয়নি।

এদিকে আগুনের নিউজ কাভারের জন্য গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থল পৌঁছালে বেপজা কর্তৃপক্ষ ভেতরে প্রবেশে বাধা দেন।

এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ৯টি ইউনিট কাজে যাচ্ছে।

এরই মধ্যে আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। অল্প কিছুক্ষণের মধ্যে পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হবো বলে ধারণা করছি। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি আপাতত বলা সম্ভব হচ্ছে না।

বক্তব্যের জন্য আদমজী ইপিজেড ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমানের মুঠোফোনে কল দেওয়া সত্ত্বেও তিনি রিসিভ করেননি।