মোসাদের সহায়তায় ক্ষমতায় ফেরার অভিযোগ নাকচ করলেন আহমাদিনেজাদ

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে পুনরায় ক্ষমতায় ফেরাতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ গোপনে কাজ করছে এমন দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি।

মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে আহমাদিনেজাদের গণমাধ্যম কার্যালয় জানায়, এ ধরনের অভিযোগের কোনো সত্যতা নেই। তাদের দাবি, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের ‘মনস্তাত্ত্বিক প্রচারণা’ চালানো হচ্ছে।

ইরানের সংবাদমাধ্যম বাহার নিউজ প্রকাশিত বিবৃতির বরাতে জানায়, নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনটি ভিত্তিহীন এবং এতে ‘মিথ্যা ও মনগড়া’ তথ্য উপস্থাপন করা হয়েছে।

এর আগে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করেছিল, মোসাদ গোপনে আহমাদিনেজাদকে আবারও ইরানের ক্ষমতায় ফেরানোর সম্ভাবনা নিয়ে পরিকল্পনা করেছিল।

তবে সাবেক এই প্রেসিডেন্টের কার্যালয় স্পষ্টভাবে জানিয়েছে, এমন কোনো পরিকল্পনার অস্তিত্ব নেই এবং প্রকাশিত প্রতিবেদনটি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।