চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মো. শাহিন শেখ (২৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন ওই ছাত্রীর সহপাঠীরা। মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
অভিযুক্ত দোকান কর্মচারী মো. শাহিন শেখ নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার বাসিন্দা। বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় একটি খাবারের দোকানের কর্মচারী তিনি।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ক্লাস শেষে ওই ছাত্রী চট্টগ্রাম নগরগামী বিকেল ৪টা ৪০ মিনিটের শাটল ট্রেনে ওঠার জন্য স্টেশনে অবস্থান করছিলেন। এ সময় মো. শাহিন তাকে শ্লীলতাহানি করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর ভুক্তভোগী ওই ছাত্রীর সহপাঠীরা শাহিনকে আটক করে প্রক্টরকে খবর দেন। এরপর অভিযুক্ত শাহিনকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দীর উপস্থিতিতে অভিযুক্ত যুবককে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে রাত ১০টার দিকে অভিযুক্ত শাহিনকে চট্টগ্রাম রেলওয়ে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় রাতেই ভুক্তভোগী ওই ছাত্রী রেলওয়ে থানায় মামলা করেন। মামলায় শাহিন শেখকে গ্রেপ্তার দেখানো হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেলওয়ে থানার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।’
চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার (ওসি) মো. নুরুল হুদা বলেন, গতকাল বিশ্ববিদ্যালয় স্টেশনে শাটল ট্রেনে ওঠার সময় এক ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটে। এ বিষয়ে গতকাল রাতেই মামলা হয়েছে।
আজ অভিযুক্ত ব্যক্তিকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।