মার্কিন হামলায় পরীক্ষা কেন্দ্র নিরাপদ স্থানে সরিয়ে নিলো ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতির মুখে সংবেদনশীল ও সামরিক অবকাঠামোর কাছাকাছি অবস্থিত দেশের সমস্ত শিক্ষা বিষয়ক পরীক্ষা কেন্দ্রগুলোকে অপেক্ষাকৃত নিরাপদ ও দূরবর্তী স্থানে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়। 

পরীক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এসব কেন্দ্রকে বিভিন্ন পাবলিক হল এবং ধর্মীয় উপাসনালয়গুলোতে স্থানান্তর করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) পারস্য উপসাগরে চলমান তীব্র যুদ্ধ পরিস্থিতির মধ্যে তেহরানের নেওয়া এই বিশেষ সুরক্ষামূলক পদক্ষেপের খবর জানানো হয়েছে।

ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয়ের নীতি নির্ধারকেরা জানিয়েছেন যে সম্ভাব্য মার্কিন বিমান হামলার ক্ষয়ক্ষতি ও ঝুঁকি এড়াতে দেশের যেসব পরীক্ষা কেন্দ্রগুলো সেনাবাহিনীর বিভিন্ন ক্যাম্প বা স্পর্শকাতর স্থাপনার সংলগ্ন এলাকায় অবস্থিত ছিল, সেগুলোকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে।

us iran

শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিকভাবে শান্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এসব পরীক্ষা এখন থেকে শহরগুলোর বড় পাবলিক হল এবং স্থানীয় ধর্মীয় কেন্দ্র বা উপাসনালয়গুলোর নিরাপদ ছাদের নিচে অনুষ্ঠিত হবে, যাতে করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত সামরিক দুর্ঘটনা বা বোমাবর্ষণের হাত থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখা সম্ভব হয়।

সূত্র: মিডল ইস্ট আই