ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সীমান্ত দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মাদক দেশে প্রবেশ করছে। সম্প্রতি উপজেলার শ্যামকুড় ইউনিয়নের তালশার গ্রামে অভিযান চালিয়ে একটি পরিবারের চার সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে তালশার গ্রামের মজিবর রহমানের ছেলে ইসরাফিল হোসেনের (৪৬) বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ইসরাফিলের দুই ছেলেসহ মোট চারজনকে আটক করা হয়।

অভিযানে ১৪৪ বোতল স্কাফ সিরাপ এবং ৫০০ পিস ভারতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী এসআই হান্নান জানান, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের সবাই একই পরিবারের সদস্য এবং তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে মহেশপুর ৫৮ বিজিবির তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২ হাজার ৬৮৫ বোতল মদ, ৩৫০ বোতল ফেনসিডিল, ২৭ দশমিক ৪০২ কেজি গাঁজা, ৩৩৬ পিস ইয়াবা, ৭ হাজার ৫৫ বোতল সিরাপ, ২০ হাজার ৩৩১ পিস ভায়াগ্রা ট্যাবলেট এবং প্রায় ১ লাখ ২৫ হাজার ৬০০ পিস বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ।

তবে সংশ্লিষ্টদের মতে, উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রকৃত চিত্রের একটি অংশমাত্র। সীমান্ত দিয়ে আরও বড় বড় চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করছে, যা সব সময় আটক করা সম্ভব হচ্ছে না।

৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নিয়মিত অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।