বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানি বন্দরগুলোতে পুনরায় নৌ অবরোধ আরোপ এবং এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে তেহরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বৃদ্ধি পেয়েছে।

বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি শূন্য দশমিক সাত শতাংশ বা ৫৮ সেন্ট বেড়ে ৮৫ দশমিক ৩১ ডলারে উন্নীত হয়েছে। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের দামও শূন্য দশমিক চার শতাংশ বা ৩৫ সেন্ট বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৭৯ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত মঙ্গলবার হরমুজ প্রণালীতে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তেলের দাম দুই শতাংশ বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

জ্বালানি বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয়, তার ওপরই তেলের ভবিষ্যৎ দাম নির্ভর করছে। বিশ্ববাজারে তেলের পর্যাপ্ত জোগান থাকলেও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সংঘাত আরও বাড়লে কিংবা ইরানি তেল রপ্তানির ওপর নতুন কোনো কঠোর নিষেধাজ্ঞা এলে তা বাজারকে দ্রুত সংকুচিত করে তুলবে। 

উল্লেখ্য যে বর্তমান মার্কিন-ইসরায়েল ও ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের মোট উৎপাদিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হতো।

সূত্র: রয়টার্স