স্বাস্থ্য খাতে চক্ষুসেবা নিশ্চিতে গ্রামীণ হেলথ কেয়ার ও সেবা ফাউন্ডেশনের সমঝোতা স্মারক

বাংলাদেশে আরও উন্নত ও সহজলভ্য চক্ষুসেবা নিশ্চিত করতে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড (জিএইচএস) ও সেবা ফাউন্ডেশন। সোশ্যাল বিজনেস ডে ২০২৬-এর সাইডলাইনে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে চক্ষুসেবার উন্নয়নে একসঙ্গে কাজ করে আসছে প্রতিষ্ঠান দুটি। নতুন এই সমঝোতা স্মারকের মাধ্যমে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও বিস্তৃত ও শক্তিশালী হলো।

সমঝোতা স্মারকের আওতায় সেবা ফাউন্ডেশন বৈশ্বিক ক্লিনিক্যাল ও অপারেশনাল দক্ষতার পাশাপাশি বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করবে। এই সহযোগিতার মাধ্যমে চারটি কৌশলগত লক্ষ্য বাস্তবায়ন করা হবে। এগুলো হলো—বাংলাদেশজুড়ে সমন্বিত চক্ষুসেবার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে ১০ লাখ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা; স্থানীয় স্বাস্থ্যকর্মীদের বিশেষ করে গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং (জিসিসিএন)-এর শিক্ষার্থীদের জন্য উন্নত প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি কার্যক্রম জোরদার করা; আন্তর্জাতিকভাবে প্রচলিত সবচেয়ে উন্নত ও আধুনিক প্রযুক্তি প্রবর্তনের মাধ্যমে অবকাঠামো আরও শক্তিশালী করা এবং নতুন ভিশন সেন্টার প্রতিষ্ঠা করে নারী, শিশু এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য সেবার পরিধি বাড়ানো, যেখানে বিনামূল্যে দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে প্রয়োজনীয় অস্ত্রোপচারও অন্তর্ভুক্ত থাকবে।

সেবা ফাউন্ডেশন ভবিষ্যতেও দক্ষতা বৃদ্ধি, নতুন ভিশন সেন্টার প্রতিষ্ঠা, শিশুদের চক্ষুসেবা কার্যক্রমের সম্প্রসারণ, ছানি অপারেশন কর্মসূচির সম্প্রসারণ এবং বাংলাদেশের টেকসই চক্ষুসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগে সহায়তা অব্যাহত রাখবে। প্রতিরোধযোগ্য অন্ধত্ব দূর করা এবং আয় বা ভৌগোলিক অবস্থান নির্বিশেষে সবার জন্য মানসম্মত চক্ষুসেবা নিশ্চিত করার লক্ষ্যেই দুই প্রতিষ্ঠানের মধ্যে এই সমাঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড (জিএইচএস) নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের স্বপ্ন ও দর্শনে অনুপ্রাণিত একটি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান, যা বাংলাদেশের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে উচ্চমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। দেশের বিভিন্ন প্রান্তে চক্ষু হাসপাতাল ও ভিশন সেন্টারের নেটওয়ার্কের মাধ্যমে উদ্ভাবনী ‘ক্রস-সাবসিডি’ মডেল ব্যবহার করে প্রতিষ্ঠানটি সহজলভ্য ও টেকসই চোখ সেবা প্রদান করছে।