সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যালয় ভবনের পুরোনো ছাদ ধসে ৬ নির্মাণশ্রমিক আহত হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার ৭২ নম্বর পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙার কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- আলাউদ্দিন (৪২), জয়নাল আবেদীন (৩৩), মফিজুল ইসলাম (৩৫) ও রানা আহমেদ (২৪), জুবায়ের হোসেন (২০) ও ইদ্রিস আলী (৩৮)। এর মধ্যে মো. আলাউদ্দীন ও মো. জয়নাল আবেদীন গুরুতর আহত হয়েছেন।
স্কুলের প্রধান শিক্ষক মো. শাহিনুর ইসলাম বলেন, সম্প্রতি বিদ্যালয়ের পুরাতন ভবনটি ভাঙার জন্য সরকারিভাবে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। ঘটনার দিন শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ বিদ্যালয়ের ছদ ধসে ৬ শ্রমিক চাপা পড়ে।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইন্দ্রজিৎ কুমার জানান, আহত ৬ জন শ্রমিকের মধ্যে দুজন শ্রমিকদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।