পরিস্থিতি বিবেচনায় হওয়ায় রাঙ্গামাটির ভ্রমণপিপাসুদের জন্য জেলার সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন স্পট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
বুধবার (১৫ জুলাই) রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন সোয়া ৫টার দিকে রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী বৃহস্পতিবার থেকে খোলা হচ্ছে দেশের অন্যতম সৌন্দর্যমণ্ডিত এই পর্যটন কেন্দ্রটি। তবে চলতি মৌসুমে এ জেলায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের জারি করা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।
রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে জেলার সব পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। নয় দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে খুলে দেওয়া হচ্ছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসনের তথ্যমতে টানা ভারি বর্ষণ, পাহাড় ধস ও ভারী বৃষ্টিপাতের কারণে এবং আবহাওয়া পরিস্থিতি বিষয়ক পূর্বাভাসের প্রেক্ষিতে গত ৭ জুলাই সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসনের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিলো।
সর্বশেষ ১৬ জুলাই থেকে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার তথ্য জানায় প্রশাসন।
সাজেক রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেব বর্মন ও দপ্তর সম্পাদক এস এম জিয়াউল হক জানিয়েছেন, সাজেক পর্যটন স্পটগুলো খুলে দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এখানের ব্যবসা-বাণিজ্য পর্যটন নির্ভরশীল। সাম্প্রতিক ভারী বর্ষণ,পাহাড় ধস ও পাহাড়ি ঢলের কারণে বন্ধ থাকায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।